
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন দুই শতাধিক নেতাকর্মী। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মুক্তাগাছা পৌরসভার নন্দিবাড়ী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু-কে ফুলেল শুভেচ্ছা জানান।
যোগদান কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মির্জা আবুল কাশেম এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম ফকির। মির্জা আবুল কাশেম সংবাদকর্মীদের জানান, আমি ১৯৮৬ সালে যুবদলের সদস্য ছিলাম। পরে জাতীয় পার্টিতে যোগদান করি। তবে বর্তমান সময়ে এলাকার উন্নয়নের স্বার্থে এবং ২ শতাধিক নেতাকর্মীর সঙ্গে নিয়ে আমরা একযোগে বিএনপিতে যোগদান করেছি। এর আগে গত ৫ জানুয়ারি আমরা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগ করা উপজেলা কৃষক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, “প্রয়াত প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন মুক্তাগাছার উন্নয়নের রূপকার ছিলেন। আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাঁর ছোট ভাই আলহাজ্ব জাকির হোসেন বাবলু-এর নেতৃত্বে বিএনপিতে যোগদান করেছি।”
শহর জাতীয় পার্টির সভাপতি বাবুল আরও জানান, আমরা স্বজ্ঞানে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছি। এতে কারো চাপ বা প্রভাব নেই।
যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মর্শেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু বলেন, যোগদানকারীদের মধ্যে বেশিরভাগ আগে থেকেই বিএনপি করতেন। এবার ঘরের ছেলেরা আবার ঘরে ফিরে এসেছে। আমি তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে অংশ নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কার্যকর ভূমিকা রাখবেন।

