
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরিবেশবাদী অরাজনৈতিক সংগঠন ‘প্রেরণা’র সফলতার ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি পালিত হয়।
শুক্রবার সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে কাজী নজরুল ইসলাম সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে আয়োজন করা হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, খেলাধুলা, প্রীতি ভোজ ও র্যাফেল ড্র।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ফরহাদ হাসান খান, সাধারণ সম্পাদক সমর চৌধুরী বাচ্চু, চিফ কোঅর্ডিনেটর জুলফিকার হায়দার জুলফি, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, পরিতোষ সাহা, মোশাররফ হোসেন, ডা. আব্দুর রউফ লিটন, অ্যাডভোকেট আফজালুর রহমান পান্নু, প্রিন্স, জোবায়ের, শাহীন এরশাদ, জুয়েল, আবুল কালাম আজাদ, বিপ্লব, সুবোধ আশফাক, সায়েম, আব্দুল মতিন, আজিজ, কাশেম, বাদশা, হামিদ, ফয়েজ, রিমনসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, ‘প্রেরণা’ দীর্ঘদিন ধরে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের সৌন্দর্যবর্ধন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, সামাজিক সংগঠনগুলোর রজতজয়ন্তী উদযাপন সাধারণ ঘটনা হলেও ‘প্রেরণা’ তাদের ৪০ বছরের ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।