কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলীতে পর্যটকবাহী একটি নৌকা কাত হয়ে নদীতে পড়ে মো. ওয়ালিদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওয়ালিদ নরসিংদীর উজ্জল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ছাতিরচর করস বাগান এলাকায় পর্যটকবাহী একটি নৌকা চলাচলের সময় হঠাৎ একদিকে কাত হয়ে পড়ে। এতে নৌকায় থাকা অধিকাংশ পর্যটক পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধারের পর যাত্রীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে দেখা যায়, পাঁচ বছরের শিশু ওয়ালিদকে পাওয়া যাচ্ছে না। এরপর স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করে।
ছাতিরচর এলাকার যুবক হিমেল খান বলেন, নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে অনেক যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে যাত্রীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে শিশু ওয়ালিদকে পাওয়া যায়নি। এরপর থেকেই স্থানীয়রা শিশুটির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ছাতিরচর হাওরে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন