সরকারি হাসপাতাল ঘেঁষে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি
×
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সমকাল
শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোনা)
| প্রিন্ট সংস্করণ
সরকারি হাসপাতালের একেবারে কাছেই গড়ে উঠেছে একাধিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারসহ চিকিৎসকদের চেম্বার। কোনোটি সরকারি হাসপাতালের ফটকের সামনে, কোনোটি ২০ থেকে ২৫ ফুট, আবার কোনোটি ৫০ থেকে ৬০ ফুট দূরত্বে। সরকারি হাসপাতালে আসা অনেক রোগীকে দালালের মাধ্যমে ভাগিয়ে নেওয়া হচ্ছে ওইসব বেসরকারি প্রতিষ্ঠানে। এমন চিত্র কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের।
সরকারি হাসপাতাল ঘিরে গড়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। কয়েকটির লাইসেন্স নবায়ন করা হয়নি। নতুন প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়াধীন থাকার তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি হাসপাতালের কতিপয় চিকিৎসকের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অথচ সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। সেই সঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. নূরুল ইসলামের গত ২২ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা রোগী দেখতে পারবেন না। নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কলমাকান্দায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে গড়ে উঠেছে সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব, কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার (কেডিসি), নূর ডায়াগনস্টিক সেন্টার, এশা মনি ডায়াগনস্টিক সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব ও কেডিসির লাইসেন্সের মেয়াদ শেষ। মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। নূর ও এশা মনি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নের বিষয়টি অপেক্ষমাণ। অন্যদিকে সেবা নামে একটি প্রতিষ্ঠান নতুন করে নিউ জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে অনুমোদনের আবেদন করেছে। এ ছাড়া কেডিসির প্যাথলজি বিভাগ সিলগালা করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে কর্মরত কিছু চিকিৎসক কর্মঘণ্টার মধ্যে হাসপাতালের বাইরে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেন। আবার হাসপাতালের বহির্বিভাগের কোনো কোনো কক্ষে চিকিৎসককে নিয়মিত পাওয়া যায় না। কখনও কক্ষ বন্ধ থাকে, কখনও কক্ষ খোলা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চিকিৎসা নেন। এমনকি জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের বাইরে গিয়ে রোগী দেখার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্ব পালনের সময়সূচি ও উপস্থিতির রেকর্ড পর্যালোচনা করা জরুরি।
কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের বাসিন্দা রেজাউল করিম আক্ষেপ করে বলেন, সরকারি বিধিবিধান এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দিকনির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের নির্ধারিত সময়ে প্রায়ই বহির্বিভাগে চিকিৎসকদের চেম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি সরকারি হাসপাতাল ঘেঁষে থাকা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের প্ররোচনায় চিকিৎসকদের কেউ কেউ সেখানে গিয়ে রোগী দেখেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নূর ডায়াগনস্টিক সেন্টার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম মামুনের ভাষ্য, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের ব্যাপারে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এতে সরকারি হাসপাতালের সেবাপ্রত্যাশীদের সেবা সুনিশ্চিত হবে। তারা আরও সুশৃঙ্খল ব্যবস্থায় থাকবেন। যারা সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমানার বাইরে আছেন, আর যারা হাসপাতালের কাছাকাছি আছেন, তাদের জনস্বার্থে নির্ধারিত সীমানার বাইরে স্থাপনা সরিয়ে নেওয়া দরকার।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সমকালকে জানান, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাইসেন্সবিহীন ও নবায়নহীন প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকারি চিকিৎসকদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। দায়িত্বে অবহেলা, কর্মস্থলে অনুপস্থিতি কিংবা সরকারি দায়িত্ব উপেক্ষা করে বাইরে রোগী দেখার অভিযোগ সত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন