অনলাইন ডেস্ক : শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওটির স্থান ও সময় নিয়ে ভিন্নমত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
শনিবার (৭ নভেম্বর) রাতে শেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মোবারকপুর মহল্লায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের কয়েকটি অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে কয়েকজনকে মুখে মাস্ক ও হাতে জ্বলন্ত মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুর নির্দেশনা ও তত্ত্বাবধানে মিছিলটি হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলকে স্লোগান দিতে এবং সাবেক ছাত্রনেতা শিহাব রহমানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এসব তথ্যের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
শেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মশো গণমাধ্যমকে বলেন, মিছিলের ভিডিওটি তাঁর নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপনে মিছিলটি করেছেন বলে তিনি মনে করেন। তবে এটি ৮ নম্বর ওয়ার্ডের মোবারকপুর এলাকার মিছিল নয়। অন্য এলাকার ভিডিও মোবারকপুরের বলে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
একই দাবি করেন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি রাফি তানভীর পুষ্প। তিনি গণমাধ্যমকে বলেন, মিছিলটি মোবারকপুর এলাকার নয়। অন্য কোনো স্থানের ভিডিও মোবারকপুরের বলে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। শেরপুরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রকাশঃ ০১:৪১pm, ২০২৬-১১-০৮
আপডেটঃ ০১:৪১pm, ২০২৬-১১-০৮
মন্তব্য করুন