ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়নের খুরশি মহল মৌজার ভূমিসংক্রান্ত তথ্যগত ভুলের কারণে জমির নামজারি (নাম খারিজ) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে জটিলতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট মৌজার জমির মালিক ও সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, মৌজাসংক্রান্ত ভুলের কারণে নিয়ম অনুযায়ী আবেদন করেও জমির নামজারি সম্পন্ন করতে পারছেন না তাঁরা। এতে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
খুরশিদ মহল গ্রামের বাসিন্দা মো. আবদুল আহাদ বলেন, ‘বহুদিন আগে আমার জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে নিয়ম অনুযায়ী আবেদন করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে জানতে পারি, মৌজাসংক্রান্ত ভুলের কারণে আমার আবেদনটি বাতিল হয়ে গেছে। এখন পর্যন্ত সমস্যার কোনো সমাধান পাইনি।’
একই ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. আবু সাঈদ বলেন, ‘মৌজার ভুলের কারণে আমার স্ত্রীর জমির নামজারি করতে পারছি না। এতে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছি।’
গফরগাঁও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মৌজার তথ্যগত জটিলতার কারণে জমির নামজারি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না।
এদিকে খুরশিদ মহল মৌজার ভুক্তভোগী জমির মালিকরা জানান, ভূমিসংক্রান্ত এ সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকায় তাঁদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত এ জটিলতার নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
ভুক্তভোগী এলাকাবাসী মৌজাসংক্রান্ত ভুল সংশোধন করে জমির নামজারি ও খাজনা পরিশোধের কার্যক্রম স্বাভাবিক করতে ভূমি মন্ত্রণালয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন