ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাসটিও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইয়াসিন সরকারের ছেলে বাসচালক রবিউল কবির সরকার (২৫), নাটোর সদর উপজেলার হয়বদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাসের সুপারভাইজার মাহবুবুর রহমান (৩০) এবং নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে চালকের সহকারী হালিম মোল্লা (২৯)।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিল কিশোরীটি। এ সময় এইচপি পরিবহণের (নাটোর-ব-১১-০০৫৫) বাসের এক কর্মী তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে ওঠান। বাসটি রংপুর থেকে ছেড়ে এসে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পৌঁছায়। রাত দেড়টার দিকে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর কিশোরীকে বাসের ভেতরে রেখে চালক, সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।
এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তিনজনকে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করে বাসসহ অভিযুক্তদের থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর বাবা-মা থানায় উপস্থিত হন।
কিশোরীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে মায়ের সঙ্গে মনোমালিন্যের পর রাগ করে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে যান। সেখানে বাসের এক কর্মী ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাসে ওঠান। পরে চালক, সহকারী ও সুপারভাইজার তাকে পরিকল্পিতভাবে ভালুকায় নিয়ে আসেন এবং বাসের ভেতরে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর বাবার করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশঃ ০৪:৪৩pm, ২০২৬-১১-১০
আপডেটঃ ০৪:৪৩pm, ২০২৬-১১-১০
মন্তব্য করুন