নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এই ৪৭ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বলেন, ‘এমপি মহোদয় চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসনে মেনে চলুক। তাই ওনার নিজস্ব অর্থায়নে নেত্রকোনা-৪ এর মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমিসহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।’
কাফেলায় মদন উপজেলা থেকে ১৭ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।
খালিয়াজুরী উপজেলার ১১ জন হলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও কাফেলায় রয়েছেন।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, ‘আমাদের এতগুলো সদস্যকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় এমপি মহোদয়কে সাধুবাদ জানাই। তিনি মহৎ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। এ জন্য মোহনগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি।’
মন্তব্য করুন