ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নেত্রকোণার সেলুন মালিক ও কর্মচারীরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা সেলুন মালিক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক সেলুন মালিক ও কর্মচারী অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রকোণা জেলা সভাপতি সজিব সরকার রতন, জেলা সেলুন মালিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক অজিত ঋষি প্রমুখ।
বক্তারা বলেন, রবীন্দ্র ঋষি নেত্রকোণার সন্তান। ময়মনসিংহে নিজ কর্মস্থলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তারা গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। একজন পরিশ্রমী ব্যবসায়ীকে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ময়মনসিংহে নিজের সেলুনের দোকানে রবীন্দ্র ঋষিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাদ্দাম নামে এক ব্যক্তিকে হত্যাকারী হিসেবে উল্লেখ করে বক্তারা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
মন্তব্য করুন