শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন নিজের পদ-পদবির প্রভাব খাটিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে শোকজ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গোলাপ হোসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনেননি কিংবা এ বিষয়ে তদবিরও করেননি। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে জমা দেবেন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাপ হোসেনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দও একই কথা জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরে পরোয়ানায় উল্লেখ করা নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য করুন