নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদের পাড়ের জঙ্গলে একটি গাছের মগডাল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামের সাবেক এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফজলুল রহিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জবান আলী। দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি নিজ উপজেলায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের লোকজন জানান, বুধবার (৭ অক্টোবর) সকালে প্রকল্পের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন কাজল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে এক ব্যক্তি গরু চরানোর জন্য কংস নদের পাড়ে যান। এসময় পচা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে একটি গাছের মগডালে হেলান দেওয়া অবস্থায় কাজলের মরদেহ দেখতে পান তিনি। পরে তার মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয় কাজল। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে টাকা তুলেছিল কি-না জানা যায়নি।’
তার দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মরদেহ গাছের ডালে বসানো অবস্থায় ছিল, ঝুলন্ত অবস্থায় নয়। তিনি এ ঘটনার বিচার চান।
মন্তব্য করুন