
মুক্তাগাছা প্রতিনিধি: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মুক্তাগাছার খেরুয়াজানি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ৩টায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর করাই মূল লক্ষ্য।
সভায় সভাপতিত্ব করেন খেরুয়াজানি ইউনিয়ন প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহ্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফ আলী। এছাড়াও ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা সভায় অংশগ্রহণ করেন।

