খালিয়াজুড়ি সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লংকাপাড়া এলাকার কাজল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে ইয়াবাসহ আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাঁকে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, আটকের পর উজ্জ্বলের কাছ থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় কাইয়ুম ও কিরণের নাম রয়েছে বলে তাঁরা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান, উজ্জ্বলকে পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের সময় মাদকবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে কয়েকজনের নাম উল্লেখ করা হলে আমিরুল ইসলাম ও তাঁর লোকজন এতে বাধা দেন এবং হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীদের চাপের মুখে আমিরুলের লোকজন সেখান থেকে সরে যেতে বাধ্য হন বলেও স্থানীয়দের দাবি। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে পাওয়া কয়েকজনের নামের তালিকাসহ উজ্জ্বলকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুড়ী থানায় পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলেও জানান তিনি।
চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খালিয়াজুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন গণমাধ্যমকে বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, কিরণ মিয়ার মাধ্যমে এলাকায় ইয়াবা সরবরাহ করা হয় এবং আমিরুল ইসলামের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আমিরুল ইসলাম, কিরণ ও কাইয়ুমের বক্তব্য পাওয়া যায়নি।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সকালে যথাযথ পুলিশ পাহারায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন