শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কুরুয়া বাজারে জ্বালানি তেলের ওজন কম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে জ্বালানি তেল ব্যবসায়ী মাসুদ মিয়াকে ৫ হাজার টাকা এবং আরশাদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট দোকানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ক্রেতাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।
এ সময় বিএসটিআইয়ের উপপরিচালক ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রাজু আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন