গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন , ঘাতক আটক
ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক দেলোয়ার হোসেন দিলুকে (৩০) ছুরি সহ আটক করেছে পুলিশ। তিনি বলুহা গ্রামের আব্দুল্লাহর ছেলে।
নিহত শাহীন রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বলুহা গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে শাহীন প্রতিবেশী নয়ন মিয়ার উঠানে বসে ছিলেন। এ সময় দেলোয়ার সেখানে এসে রড দিয়ে শাহীনকে পিটানো শুরু করে। একপর্যায়ে দেলোয়ার ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করে রক্তাক্ত করে। শাহীনের চিৎকার শোনে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি এগিয়ে এলে দেলোয়ার ছুরি নিয়ে তাঁকেও তাড়া করেন, ফলে ভয়ে তিনি বাড়িতে লুকিয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করে বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে পাগলামি করে এবং সবসময় তাঁর কাছে ধারালো অস্ত্র থাকে। বিষয়টি তাঁর পরিবারকে জানালেও তাঁরা কর্ণপাত করেননি।
এদিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর দেলোয়ারকে রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয় সর্বশেষ খবর
রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।
তারা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়।
সভায় উঠছে নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বরাদ্দের দুটি প্রকল্প রয়েছে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে।
ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে প্রকল্প দুটিতে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। এতে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প দুটির অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প দুটির মধ্যে ঢাকার পাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৮২ কোটি টাকা, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩ টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাত বোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঘন কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভৌগোলিক কারণে এ জেলায় প্রতিবছর আগে ভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও থাকে অনেক বেশি।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৭৭ শতাংশ।
সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা প্রতিনিয়ত কমতে থাকায় বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। চোখের দৃষ্টিসীমা কম থাকায় সতর্কতার সঙ্গে রাস্তার হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
যানবাহন চালকেরা বলছেন, রাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সূর্যের দেখাও মিলছে দেরিতে তাই সতর্কতার সাথে সড়কে দূর্ঘটনা প্রতিরোধে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলায় বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামতেই দেখা মিলছে কুয়াশার। উত্তর পশ্চিমের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। রাত যত গভির হয় কুয়াশা ও শীতের তীব্রতা ও তত বাড়তে থাকে এবং সকাল বেলা সূর্যের দেখা না মিলায় বিপাকে পরছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। সময়মতো কাজে যেতে না পারায় অনেকে কাজ হারাচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের ব্যাঘাত ঘটছে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই মাসের শেষে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন