নেত্রকোনায় পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ
ছবি: বার্তা২৪.কম
নেত্রকোনা শহরে বাসার সামনে পার্কিং করে রাখা বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাড়িটির চালক সাইফুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করছেন। সোমবার দিনভর দায়িত্ব পালন শেষে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গাড়িটি বাসার সামনে রেখে বাড়িতে যান। রাত ১১টার দিকেও তাঁর ছেলে গাড়িটি অক্ষত অবস্থায় দেখে। পরে রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে প্রতিবেশী মন্টুর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে গাড়িতে আগুন জ্বলতে দেখেন।
তিনি বলেন, স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সময় কাউকে ঘটনাস্থলে দেখেননি তিনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান চালক।
সাইফুল ইসলাম আরও জানান, গাড়িটি বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানির। আগে গাড়িটির ইনস্যুরেন্স করা থাকলেও বর্তমানে তা নেই। এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নেত্রকোনায় এসে আলোচনা করছেন। কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বেস্ট লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম ইতিমধ্যে নেত্রকোনায় এসে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। মামলা করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানা গেছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি কোম্পানির হওয়ায় কোম্পানির লোকজন এসে মামলা করবেন বলে জানিয়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।
জাতীয় সর্বশেষ খবর
রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।
তারা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়।
সভায় উঠছে নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বরাদ্দের দুটি প্রকল্প রয়েছে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে।
ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে প্রকল্প দুটিতে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। এতে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প দুটির অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প দুটির মধ্যে ঢাকার পাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৮২ কোটি টাকা, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩ টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাত বোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঘন কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভৌগোলিক কারণে এ জেলায় প্রতিবছর আগে ভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও থাকে অনেক বেশি।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৭৭ শতাংশ।
সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা প্রতিনিয়ত কমতে থাকায় বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। চোখের দৃষ্টিসীমা কম থাকায় সতর্কতার সঙ্গে রাস্তার হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
যানবাহন চালকেরা বলছেন, রাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সূর্যের দেখাও মিলছে দেরিতে তাই সতর্কতার সাথে সড়কে দূর্ঘটনা প্রতিরোধে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলায় বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামতেই দেখা মিলছে কুয়াশার। উত্তর পশ্চিমের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। রাত যত গভির হয় কুয়াশা ও শীতের তীব্রতা ও তত বাড়তে থাকে এবং সকাল বেলা সূর্যের দেখা না মিলায় বিপাকে পরছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। সময়মতো কাজে যেতে না পারায় অনেকে কাজ হারাচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের ব্যাঘাত ঘটছে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই মাসের শেষে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন