নিজস্ব সংবাদদাতা : পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ঈশ্বরগঞ্জ উপজেলা ও ত্রিশাল উপজেলা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ত্রিশালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ঈশ্বরগঞ্জ উপজেলা দল।
ফাইনালের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, এ ধরনের টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পরে প্রতিমন্ত্রী ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের সঙ্গে হাত মেলান।
ফাইনাল ম্যাচ ঘিরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার সমর্থকেরা করতালি, বিউগল ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শকেরা ম্যাচটি উপভোগ করেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
খেলা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন