দুর্গাপুর প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নারী নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বেড়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার। এ ছাড়া নাজমা, চায়না, আশা, নুরুজাহান ও আরিফাসহ স্থানীয় নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে কলমাকান্দা উপজেলা থেকেও বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ যোগ দেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, সাধারণ সম্পাদক রাহেলা আক্তার, যুগ্ম আহ্বায়ক করুণা পাঠান ও যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
এ ছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান (সম্রাট) গনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হাফিজা আক্তার গণমাধ্যমকে বলেন, নারীদের কাজের মাধ্যমে সামনে আসার সুযোগ দিতে হবে। যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি সক্রিয় ভূমিকার ভিত্তিতে নারী নেতাকর্মীদের নেতৃত্বে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নারী নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তা যাচাই করা হবে। পরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। যারা সাংগঠনিকভাবে সক্রিয় থাকবেন এবং দলের জন্য ভূমিকা রাখবেন, তাঁদের ধীরে ধীরে নেতৃত্বে সামনে নিয়ে আসা হবে। এ সময় তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।’
আয়োজকেরা জানান, দীর্ঘদিন পর নারী নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় কার্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। সমাবেশে স্লোগান ও নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেও এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।
|
৮ সেপ্টেম্বর, ২০২৬