সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।
শুক্রবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল শনিবার দুপুরে বলেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও তাঁদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে এ বিষয়ে সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
মন্তব্য করুন