ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাল নোটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন স্থানীয় এবং অপর দুজন বরগুনার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব নোটের মোট মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ীয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬) ও আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৬)। অপর দুজন হলেন বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তফা ফকির (৪৮) এবং একই উপজেলার মেনেপাড়া এলাকার রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৮)।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা জাল নোটের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং সম্ভাব্য অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চলছে।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, জাল নোটের বিস্তার রোধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন