শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হায়াতুন্নেছা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় চার বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং পরে আবার ফিরে আসতেন। তাই বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর স্বজনেরা প্রথমে বিষয়টি নিয়ে তেমন উদ্বিগ্ন হননি।
পুলিশ জানায়, শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর স্বজনেরা এসে মরদেহটি হায়াতুন্নেছার বলে শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন