নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে ওয়াসিদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর গ্রামের বাড়ি নান্দাইল উপজেলায়।
নিহত মাহমুদুল হক শাহীন (৪৬) পেশায় দলিল লেখক ছিলেন। তিনি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মৃত আনিসুল হকের ছেলে। নিহত শিশু রাজিন মিয়া তাঁর ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হক শাহীন তাঁর স্ত্রী, শিশুপুত্র রাজিন ও একমাত্র মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মদন উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কেন্দুয়া দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, শাহীন তাঁর মোটরসাইকেলে চারজনকে নিয়ে চলাচল করছিলেন। এ ধরনের ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালানো থেকে সবাইকে সচেতন হওয়া উচিত।
মন্তব্য করুন