শেরপুরের নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে নগদ অর্থের অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শ্রমিক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জনের মধ্যে দুইজনকে পাঁচ হাজার টাকা করে, একজনকে ১০ হাজার টাকা এবং বাকি ২১ জনকে চার হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।
মন্তব্য করুন