খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরীতে মশাল মিছিল, নাশকতার চেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খালিয়াজুরী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫-ঘ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের খালেক মিয়ার ছেলে মো. মুসলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজ্জাদুল হাসান ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সাবেক উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দলীয় নেতা-কর্মীসহ ১২১ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন খালিয়াজুরী থানা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রহমত আলী, মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাকিম, সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম, খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসহাক, সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফ, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন সরকার, আওয়ামী লীগ নেতা মো. এরশাদ মিয়া ও মো. রেজাউল কবির এবং সাংবাদিক শফিকুল ইসলাম। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশের সড়কে এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের (বিরবিল্লিয়া) সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বাড়ির সামনের সড়কে আসামিরা সংঘবদ্ধ হন।
এজাহারের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ওই দুটি স্থানে পৃথক মশাল মিছিল করা হয়। এ সময় উসকানিমূলক স্লোগান, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামি মহেন্দ্র তালুকদারের ছেলে সুবিনয় তালুকদার (৪৫) ও নাজির হোসেনের ছেলে তানিম সরকারকে (২৩) বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া উপজেলার রোয়াইল গ্রামের রামচরণ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকারকে (৬০) একই দিনে অন্য একটি মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয় বলে পুলিশ জানায়।
ওসি মো. নাসির উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুবিনয় তালুকদারকে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশঃ ১২:৩৮pm, ২০২৬-১১-১৪
আপডেটঃ ১২:৩৮pm, ২০২৬-১১-১৪
মন্তব্য করুন