কলমাকান্দায় অটোরিকশাচালক সাদ্দাম হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই বাজার পয়েন্টে এ কর্মসূচিতে নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার ও বোন শেফুলা আক্তার, ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল আজিজ, ইসহাক মিয়া ও আল্লাদ মিয়া। এসময় সাদ্দাম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। ওসি সোহেল রানা বলেন, ছেলেমেয়ে-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আক্কেব আলী, ফুল মিয়া ও হৃদয় মিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন