নেত্রকোনার আটপাড়ায় খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবারের সদস্যরা।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার খোকন মিয়ার বিরুদ্ধে আটপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরের পর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, খোকন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই। অভিযোগে উল্লেখ করা সময় ও তারিখে তিনি নেত্রকোনার মদন উপজেলার একটি বাজারে অবস্থান করছিলেন বলে দাবি করেন তাঁরা।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, পূর্বশত্রুতার জের ধরে তাঁদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের পেছনে প্রকৃত কারণ কী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, ধর্ষণচেষ্টার মতো অপরাধের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরাও চাই। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা অভিযোগের কারণে হয়রানির শিকার না হন। সেই দিকে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ সময় তাঁরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও অন্যান্য আলামত যাচাই করার আহ্বান জানান।
পরিবারের দাবি, তদন্তে খোকন মিয়ার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত ভাবেই বিষয়টি মোকাবিলা করবেন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার জন্য প্রশাসন সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন