কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন হিমেলকে (৩২) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হিমেল উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলোর পশ্চিম কুমারপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত বছরের ৫ অক্টোবর রাতে পশ্চিম কুমারপুরের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছিল। পরে ৭ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাকে গ্রেপ্তার করল পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পশ্চিম কুমারপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন