নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাউবাড়ী নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সেতু উদ্বোধন করেছে খুদে শিক্ষার্থীরা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সেতু দুটি নির্মাণ করা হয়েছে। তবে বাঁশের সেতু চালু হলেও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার লেংগুরা ইউনিয়নের রাধানগর ও জিগাতলা এলাকায় নির্মিত সেতু দুটির উদ্বোধন করা হয়। এ সময় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি উদ্বোধন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাধানগর বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০২ ফুট ও প্রস্থ ৫ ফুট। অন্যদিকে জিগাতলা এলাকার সেতুটির দৈর্ঘ্য ১০৭ ফুট এবং প্রস্থ ৫ ফুট। সেতু দুটি দিয়ে প্রতিদিন ১৩টি গ্রামের মানুষ চলাচল করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীও যাতায়াতের জন্য এ পথ ব্যবহার করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, কাউবাড়ী নদীর কারণে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি ছিল বেশি। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের উদ্যোগে আপাতত বাঁশের সেতু দুটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর স্থায়ী যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে পাকা সেতু নির্মাণের দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন বলেন, সেতু দুটি নির্মাণের ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে শিক্ষার্থীরা এখন সহজে যাতায়াত করতে পারবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। কাউবাড়ী নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
সেতু দুটি উদ্বোধনের পরও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছে খুদে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, বর্ষাকালে নদী পারাপারে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বাঁশের সেতু চালু হওয়ায় চলাচল কিছুটা সহজ হলেও নিরাপদ ও টেকসই যোগাযোগের জন্য সেখানে পাকা সেতু প্রয়োজন।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের এই সেতু দুটির উদ্বোধন করেছে। এতে তারা খুব আনন্দিত। তবে শিক্ষার্থীসহ এলাকার মানুষের নিরাপদ চলাচলের জন্য এখানে পাকা সেতু নির্মাণ হলে আরও ভালো হবে।’
মন্তব্য করুন