রবিউল আলম , মদন : নেত্রকোনার মদন উপজেলার পদমশ্রী এ ইউ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাসের বিরুদ্ধে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী স্বাক্ষরিত এক চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষককে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের নিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান আয়োজনের সরকারি নির্দেশনা থাকলেও তা পালন করা হয়নি। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, বিগত রাজনৈতিক মতাদর্শের কারণে প্রধান শিক্ষক সরকারি আদেশ পালনে অনীহা দেখিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক সমীর কুমার দাস দাবি করেন, বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, তবে শিক্ষার্থী উপস্থিত না থাকায় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। সরকারি নির্দেশনা পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন