শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে দীর্ঘদিন পর মানুষ ও বন্যহাতির সংঘাত নিরসনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির চলাচল পর্যবেক্ষণ এবং লোকালয়ে প্রবেশের আগেই মানুষকে সতর্ক করতে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চলের ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা। এসব ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হওয়ার এক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাবারের সন্ধানে প্রায়ই বন্যহাতির পাল লোকালয়ে নেমে আসে। এতে ঘরবাড়ি ভাঙচুর, ফসলের ক্ষতি এবং মানুষ ও হাতির প্রাণহানির ঘটনা ঘটছে। হাতি তাড়াতে গিয়ে অনেক সময় মানুষের মৃত্যু হচ্ছে, আবার প্রতিশোধমূলক আক্রমণসহ নানা কারণে প্রাণ হারাচ্ছে বন্যহাতিও।
গত ৩৩ বছরে এ সংঘাতে তিন উপজেলায় অন্তত ৩৫ জন মানুষ এবং ২৮ থেকে ৩০টি হাতি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, এ সময়ে মানুষের মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং হাতি মারা গেছে ৩৩টি।
এ পরিস্থিতিতে সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোণা এবং দাওধারা-কাটাবাড়ীসহ ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে এআই ক্যামেরা। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বার্তা চলে যায়। ফলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে পারছেন। এতে হাতি লোকালয়ে প্রবেশের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে হাতি লোকালয়ে প্রবেশের পর উপস্থিতির খবর পাওয়া যেত। এখন অন্তত আগাম সংকেত পাওয়ায় সতর্ক হওয়া সম্ভব হচ্ছে। তবে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাকেও এ প্রযুক্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
মধুটিলা রেঞ্জ অফিসার আব্দুল করিম বলেন, এআই ক্যামেরা স্থাপনের ফলে হাতির উপস্থিতির খবর আগের তুলনায় দ্রুত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ইনকিলাবকে জানান, উদ্যোগটি পরীক্ষামূলক হলেও ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ভবিষ্যতে হাতির চলাচলের আরও এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রযুক্তির এই ব্যবহার সম্প্রসারিত হলে দীর্ঘদিনের মানুষ ও বন্যহাতির সংঘাত কমানো এবং উভয়ের প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন