হাতিয়ায় ১ হাজার ৭৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ
নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট এক হাজার ৭৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ১৭০ জন এবং মাদরাসার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। সুশৃঙ্খল পরিবেশে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সন্তানদের মেধা যাচাই ও ভালো ফলাফলের প্রত্যাশায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের মেধা যাচাইয়ের পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকলে আমরা আরও উৎসাহিত হব।
আরেক শিক্ষার্থী বলে, ‘পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ ধরনের পরীক্ষা আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।’
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. মো. হাসান, সাধারণ সম্পাদক আবু সোলাইমান এবং হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল, হাতিয়া ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সমন তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
শিক্ষাবিদ ও অভিভাবকরা এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃত্তি কার্যক্রম পরিচালনা এবং অধিকসংখ্যক শিক্ষার্থীকে এর আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
হানিফ সাকিব/খাদিজা রুমি/
সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকবে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আজ আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রম আইনের আরও উল্লেখে আছে যে, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘট বা বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কাজ বন্ধ হলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে পারে। এ ক্ষেত্রে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকায় বন্ধের সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পান না।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। এ ধরনের সিদ্ধান্ত শ্রমিক আন্দোলনকে আরও উসকে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ, এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না।’
সুহান/খাদিজা রুমি/
গোমতীর তীরে নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের উদ্যোগ
দাউদকান্দিতে ইকোপার্ক নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দি গোমতী নদীর তীরে নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি পৌর এলাকায় নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের লক্ষ্যে এই পরিদর্শনে আসেন তারা।
এ সময় বিআইডব্লিউটিএর প্রতিনিধিদলকে দাউদকান্দি ঘাটে স্বাগত জানান, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রতিনিধিদল প্রকল্প এলাকার নাব্যতা, বিদ্যমান অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে। কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এ বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ এ অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করবে। পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পর্যটন বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত নৌবন্দরকে কেন্দ্র করে নদীপথে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে এটি স্থানীয় মানুষের বিনোদন ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান এবং মেঘনা নদীবন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।
দাউদকান্দি নৌবন্দর ও গোমতীর তীরে ইকোপার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
লিটন সরকার/অমিয়/
নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, রেললাইনের পাশে ঘটনা হওয়ায় ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শাওন শাহিন/খাদিজা রুমি/
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ
ঝালকাঠিতে জঙ্গি হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় নিহত হন তৎকালীন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে।
শনিবার ( ১৪ নভেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি পূর্ব চাঁদকাঠিতে দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন ও সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন। এ ছাড়াও দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবি। এতে ঘটনাস্থলেই বিচারক শহীদ সোহেল আহমেদ নিহত হন। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। এ সময় আহত অবস্থায় আটক হন হামলাকারী ও জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এ ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতেও ওই রায় বহাল থাকে। ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়ক আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দুই বিচারক হত্যার ২১ বছর পরও তাদের স্মরণে প্রতিবছর ১৪ নভেম্বর শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেয়ামুল হিরন/খাদিজা রুমি/
মন্তব্য করুন