নেত্রকোনায় ‘মিথ্যা সংবাদের’ প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে নেত্রকোনা শহরে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন হুমায়ুন কবীর।
Advertisements
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করা এবং সামাজিকভাবে তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁর বিরুদ্ধে মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি বলেন, প্রকাশিত এসব সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে বিতর্কিত করার পাশাপাশি জনসমক্ষে তাঁর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের সংবাদ প্রচারের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
হুমায়ুন কবীর আরও বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে তাঁরও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে প্রচারিত সংবাদের সঠিক তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন