ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রী ও পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন