কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে সেতুর নিচে পানিতে ভাসমান লাশের গুজব ছড়িয়ে পড়ায় হাজারো উৎসুক মানুষ ভিড় করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে পানিতে ভাসতে থাকা দুটি বস্তা উদ্ধার করে। তবে বস্তা দুটি খুলে কোনো মরদেহ পাওয়া যায়নি। এতে ছিল শুধু ময়লা-আবর্জনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর বস্তা দুটিতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর বিপুলসংখ্যক উৎসুক মানুষ জড়ো হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার তোফাজ্জল হোসেন ও ডুবুরি সেলিম গণমাধ্যমকে বলেন, বিলে থেকে বস্তা দুটি একে একে ওপরে তুলে আনা হয়। পরে সেগুলো তল্লাশি করে কোনো মরদেহ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বস্তা দুটিতে শুধু ময়লা-আবর্জনা ছিল।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দলের আড়াই ঘণ্টার অভিযানে উদ্ধার করা দুটি বস্তায় কোনো মরদেহ পাওয়া যায়নি। বস্তাগুলোতে শুধু ময়লা-আবর্জনা ছিল।
মন্তব্য করুন