নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণরত এক যাত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান গণমাধ্যমকে জানান, ইকবাল (১৯) ও রিফাত (২০) নামের দুই যুবক ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেছিলেন। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সবুজ মিয়া নামের এক যাত্রীও ট্রেনের ছাদে ওঠেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর ইকবাল ও রিফাত ওই যাত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাঁর মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
ঘটনার বিষয়ে ভৈরব রেলওয়ে পুলিশ জানতে পারে ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময়। ট্রেনটির ভৈরবে যাত্রাবিরতি না থাকায় বিষয়টি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের জানানো হয়। পরে পুলিশ ট্রেন থামিয়ে দুই যুবককে আটক করে। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রী সবুজ মিয়াকেও হেফাজতে নিয়ে ভৈরব রেলওয়ে থানায় আনা হয়।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। আটক দুই যুবক ও ভুক্তভোগী যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হকের আদালতে আটক দুই যুবক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে আদালত ইকবাল ও রিফাতকে এক বছর করে কারাদণ্ড দেন।
এ ছাড়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অভিযোগে ভুক্তভোগী যাত্রী সবুজ মিয়াকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন