দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মুন্সিপাড়া ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনে বন্ধ থাকলেও শ্রেণিকক্ষে ফ্যান চলা এবং বারান্দায় একাধিক লাইট জ্বলার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টিতে এমন চিত্র দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদকের কাছে স্থানীয়দের পক্ষ থেকে কয়েকটি ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকে। এরই ধারাবাহিকতায় মুন্সিপাড়া ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ছিল। তবে শনিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চলতে এবং বারান্দায় কয়েকটি লাইট জ্বলতে দেখা যায় বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ফ্যান ও লাইট চালু থাকলে বিদ্যুতের অপচয় হয়। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
তবে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ফ্যান ও লাইট কেন চালু ছিল, সে বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, “বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ফ্যান চলা ও লাইট জ্বলা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমি দেখছি।”
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
মন্তব্য করুন