কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে মারা যান। অপরজন ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে পড়ে গিয়ে মারা যান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
মৃতরা হলেন-এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো. কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের শহীদ উল্লাহ (৭০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কালাম। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তাঁর মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই কালাম মারা যান। অন্যদিকে শহীদ উল্লাহকে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকেও মৃত ঘোষণা করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিচ্ছেন।
মন্তব্য করুন