কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরে ইজিবাইকের পৌর মনোগ্রাম দীর্ঘদিন ধরে নবায়ন না হওয়া এবং মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইজিবাইকের মনোগ্রাম পুনঃনবায়ন ও মিশুকের জন্য সুনির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে পৌরসভা থেকে ইজিবাইকের জন্য মনোগ্রাম দেয়া হয়। পরে ২০২০-২১ অর্থবছরে তা নবায়ন করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর নবায়ন করা হয়নি। এ বিষয়ে গত বছরের ২৬ অক্টোবর পৌর প্রশাসক বরাবর আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন সমিতির নেতারা।
তাদের অভিযোগ, মনোগ্রাম নবায়নের জন্য মালিকদের আগ্রহ থাকা সত্ত্বেও কোনো নোটিশ ছাড়াই গত ২৭ সেপ্টেম্বর পৌর কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ইজিবাইক নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, শহরে অনুমোদনহীন মিশুকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে। এসব যানে পৌর মনোগ্রাম না থাকায় যানবাহন নিয়ন্ত্রণেও সমস্যা হচ্ছে।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমিতির ২২ জন স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সমিতির নেতৃবৃন্দ দ্রুত ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন এবং মিশুক যানের জন্য সুনির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবি জানান। একই সঙ্গে শহরের যানজট ও পরিবহণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।
স্মারকলিপির সঙ্গে পৌর প্রশাসক বরাবর দেয়া আগের আবেদন ও আইনশৃঙ্খলা কমিটির রেজুলেশনের অনুলিপি জমা দেয়া হয়।
এ সময় কিশোরগঞ্জ পৌর অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা সদস্য রহিমা খাতুন, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মহি উদ্দিন লিটনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন