এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, রাজনীতিবিদ আব্দুল বাতেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
মন্তব্য করুন