রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন। পুলিশের আশ্বাসে সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাঁরা সড়ক থেকে সরে দাঁড়ান। এরপর ধীরে ধীরে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা। রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে তাঁদের এ কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে।
শিক্ষার্থীরা জানান, গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন। এ ছাড়া গত রোববার সকালে সদর উপজেলার চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসের চাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শিক্ষার্থী ফাহিম বলেন, ‘যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে এবং পুলিশের আশ্বাসে আপাতত মহাসড়ক থেকে সরে এসেছি। আমাদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বিকেল ৪টার দিকে মহাসড়ক থেকে সরানো হয়েছে। রাজীব পরিবহনের বাস মহাসড়কে চলাচল বন্ধ করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে।’
উল্লেখ্য, রাজীব পরিবহনের বাস জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে চলাচল করে।
মন্তব্য করুন