ময়মনসিংহের তারাকান্দায় মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দোগাছি গ্রামের কয়েকশ বাসিন্দা। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে তারাকান্দা উত্তর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা এলাকায় মাদক কারবার বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, দোগাছি এলাকায় মাদক কারবারের কারণে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এলাকার তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তাঁরা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শফিকুল বলেন, ‘মাদকের কারণে আমাদের এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি চাই না। তবে যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. রাশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় ওসি মো. আ. রাশিদ গণমাধ্যমকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
পুলিশের আশ্বাসের পর বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন