ভৈরবে টেস্ট পরীক্ষায় খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে টেস্ট পরীক্ষায় এক বিষয়ে খারাপ হওয়ায় ফাঁসিতে ঝুলে অভনী (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পৌর শহরের দরচণ্ডিবের এলাকায় এই ঘটনা ঘটে। অভনী ওই এলাকার কামাল উদ্দিন মিয়ার মেয়ে।
Advertisements
খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই ফারুক হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের চণ্ডিবের এলাকার মুর্শিদ মুজিব স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল অভনী। একই স্কুলের সহকারী শিক্ষক ও গণিতের শিক্ষিকা আফসানা বেগম তার মা। তার বাবা কামাল উদ্দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত। পরিবারে জাহিদ নামে তার আরও এক ভাই রয়েছে। একমাত্র মেয়ে অভনীকে হারিয়ে দিশেহারা পরিবার। ১১ নভেম্বর দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল। ফলাফলও বের হয়নি। নিজ থেকেই পরিক্ষা খারাপ হওয়া বিষয়টি মেনে নিতে পারেনি অভনী।
মৃতের চাচা গিয়াস উদ্দিন বলেন, আমার ভাতিজি একজন মেধাবী ছাত্রী ছিল। সহজ-সরলভাবে চলাফেরা করত। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। ভালো ছাত্রী হওয়ায় টেস্ট পরীক্ষায় একটি বিষয় খারাপ হওয়া সে তা মেনে নিতে পারেনি। সন্ধ্যা থেকেই তার মন খারাপ ছিল। তার মা তাকে বলেছিলেন, যে বিষয়টি খারাপ হয়েছে, আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য যেন সে ভালোভাবে প্রস্তুতি নেয়। রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পেয়ে পরিবারের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আল-আমিন বলেন, রাত ৯টার দিকে অভনী নামে একটি মেয়েকে হাসপাতালে আনা হয়। সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যায়।
ভৈরব থানার এসআই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। টেষ্ট পরিক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থী অভনী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।
মন্তব্য করুন