ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮৯০টি ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি কথিত গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ও বৃহস্পতিবার (২০ আগস্ট) ময়মনসিংহ নগরীর কোতোয়ালি ও ফুলপুর উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার গলগন্ডা এলাকায় অভিযান চালানো হয়। ডিবির এসআই খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ কেজি কথিত গাঁজা, ১২০টি কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উম্মে হাবিবা হাছি (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালি থানার গলগন্ডা এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ফুলপুর উপজেলার ডেংবাড়ী ও পূর্ব ছনধরা এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি। এসআই ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযানে ১ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোছা. ফাতেমা খাতুন (২৪) ও রাকিবুল হাসান রাব্বি (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে বৃহস্পতিবার রাত ২টা ২৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার পাটগুদাম র‌্যালির মোড় এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রোমান মিয়া (৩০) ও মো. মিজানুর রহমান (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার টাকা এবং ৬ কেজি কথিত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় কোতোয়ালি মডেল ও ফুলপুর থানায় পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।