নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণা কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন। পরে সম্মিলিতভাবে তারা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। বক্তব্যে তিনি বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন কিংবা লালন-পালন করছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। অর্থ কিংবা ব্যক্তিস্বার্থের বিনিময়ে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, দলের দীর্ঘদিনের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা তাদের কোনো দিন ক্ষমা করবেন না।
বিএনপির যেসব নেতাকর্মী ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে নিজেদের সংশোধন করতে হবে।
একই সঙ্গে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন