নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা সাকিব মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রামগোপালপুর গ্রামের নিজ বাড়ির সামনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাকিব মিয়া রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর কক্ষের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁদের ধারণা ছিল, সাকিব বাসস্ট্যান্ডে গেছেন। পরে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে তাঁর বাবা সেটি সাকিবের বলে শনাক্ত করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন