একটি মাত্র সেতুর অভাবে অর্ধশতাব্দির বেশি সময় ধরে জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শেরপুরের শ্রীবর্দীর সীমান্তঘেষা তিনটি গ্রাম। শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে নিজেদের অর্থায়নে তৈরি বাঁশ-কাঠের সাঁকো দিয়ে নদী পারাপার হলেও বর্ষাকালে পানির প্রবল স্রোতে ভেঙে যায় সেই সেতু। সে সময় দুই পাড়ের যোগাযোগ থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ফলে রোগী ও শিক্ষার্থীসহ কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয় নদীর দু‘পাড়ের সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের।
ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি নদী ঢেউফা ও সোমেশ্বরী জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে শেরপুরের শ্রীবরদীর তিনটি গ্রামকে। একটি সেতুর অভাবে অর্ধশতাব্দিরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন খাড়ামোড়া, কোচপাড়া ও পোড়াবাড়ী গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে সাঁকোতে নদী পারাপার হলেও বর্ষায় পাহাড়ি ঢলে ভেঙে যায় সেই সাঁকোও। তখন কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় গ্রামগুলো।
নদীর দু’পাড়ের সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের যাতায়াত থাকলেও যুগের পর যুগ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা ছাড়া গড়ে ওঠেনি গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি স্থাপনা। ফলে পাশের গ্রামের স্কুল-কলেজের উপর নির্ভর করতে হয় শিক্ষার্থীদের। সেতু না থাকায় কৃষি পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, মুমূর্ষু রোগী পাচ্ছেন না সময়মত চিকিৎসা। তিনটি গ্রামকে দেশের মূল ভূখন্ডের সাথে জোড়াতে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
শ্রীবরদী উপজেলার খ্রীষ্টানপাড়া এলাকার ইলিয়াস সাংমা জানান, অনেক কাজে আমাদের প্রায় সময়ই নদীর ওপাড়ে যেতে হয়। শুকনো মৌসুমে বাঁশের তৈরি সাঁকো দিয়ে ওপাড়ে যাওয়া গেলেও বর্ষায় ওই সাঁকো ভেঙে যায়। ফলে আমাদের ওপাড়ে যেতে হলে ছোট ডিঙি নৌকা দিয়ে পাড় হতে হয়। কিন্তু অনেক সময় নৌকা না থাকায় সাঁতার কেটেই ওপাড়ে যেতে হয়। প্রচন্ড খরস্রোতা এই নদী সাঁতরে পাড় হওয়াও কঠিন।
বালিজুড়ী বাজারের মুদি দোকানদার সাদ্দাম হোসেন বলেন, বর্ষাকালে ওপাড়ের মানুষ এপাড়ে আসতে পারে না। সে সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারে না। রোগীরা হাসপাতালে যেতে না পারায় বিনা চিকিৎসায় অনেকে মারাও যায়।
খাড়ামোড়া গ্রামের এক ব্যবসায়ী বলেন, আমাদের ব্যবসা-বাণিজ্য সব বাজার কেন্দ্রিক। নদী যখন পানিতে ভরা থাকে তখন আমরা নিজেদের ব্যবসা-বাণিজ্যও ঠিকঠাক মত করতে পারি না। এই এলাকায় অনেক কৃষিজমি রয়েছে, এসব জমিতে প্রচুর ফসল উৎপাদিত হয়। বর্ষাকালে বিচ্ছিন্ন এই তিনটি গ্রামের উৎপাদিত সবজিসহ অন্যান্য ফসল সঠিক সময়ে বাজারে নেয়া সম্ভব হয় না। ফলে কৃষকের ব্যপক ক্ষতি হয়। স্বাধীনতার পর বহু বছর পেড়িয়ে গেলেও এই নদীটির উপর এখনও একটি সেতু নির্মাণ করা হয়নি। এই নদীর উপর একটি সেতু নির্মাণ করে ওপাড়ের তিনটি গ্রামকে দেশের মূল ভূখন্ডের সাথে স্থায়ী সংযোগ সৃষ্টি করার জোর দাবি জানাই।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কারিগরী কারণে তা সম্ভব হয়নি বলে জানান শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহাম্মেদ।
দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা প্রচন্ড খরস্রোতা সোমেশ্বরী নদীটি পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে এবং ঢেউফা নদী পশ্চিম ও উত্তর দিক দিয়ে নেমে এসে গ্রাম তিনটিকে বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
মন্তব্য করুন