
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পদপ্রত্যাশী নেতারা সুসজ্জিত মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর পিকেজে উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সম্মেলনস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সম্মেলনে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল এবং সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শাহ ওবায়দুল্লাহ সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি শামছুল হক শামছু, জালাল আহম্মেদ আকন্দ, আব্দুল আজিজ মন্ডল ও একেএম আব্দুল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ফারুক আহমেদ, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর এবং উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ মন্ডলসহ অন্য নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গুপ্ত ও পলাতকরা মিলেমিশে দেশে অস্থিরতা সৃষ্টি এবং উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
মন্তব্য করুন