কোথাও বাসার সামনে থেকে চুরি হচ্ছে মোটরসাইকেল, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই। পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, তুচ্ছ বিরোধে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটছে। অপরাধের পর অপরাধীদের শনাক্ত করতে গিয়ে অনেক সময় তদন্তে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে স্থাপন করা হচ্ছে ২৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সিসিটিভি ক্যামেরা।
প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া এ উদ্যোগের আওতায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল পর্যায়ক্রমে নজরদারিতে আনা হবে। ইতিমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার বিশেষত্ব হলো, এতে এআই প্রযুক্তির পাশাপাশি মুখমণ্ডল শনাক্তকরণ ও রাতের অন্ধকারেও ছবি ধারণের সুবিধা থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো অপরাধ সংঘটিত হলে ঘটনাস্থল ও আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি এবং ঘটনার আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ ব্যবস্থার মাধ্যমে অপরাধী শনাক্তের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে প্রযুক্তির এ উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে ক্যামেরার সঠিক ব্যবহার, সার্বক্ষণিক নজরদারি, রক্ষণাবেক্ষণ এবং পুলিশের দ্রুত পদক্ষেপের ওপর।
গত ছয় মাসে শহরে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব অপরাধের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাসাবাড়ি, সড়ক ও বাজারকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে শহরজুড়ে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
শনিবার কিশোরগঞ্জ মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো কিছুদিন আগে আমার বাসার সামনে থেকে সাংবাদিক হারিছ আহমেদের মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ পৌরসভায় বসবাস করার মতো অবস্থা নেই। এ অবস্থা থেকে নিস্তার চাই।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার বলেন, কিশোরগঞ্জে চুরি-ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হলেও অপরাধ নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সিসিটিভি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শহরের চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা করেন।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে। নদীর পাড়ের সড়কগুলোও নজরদারির আওতায় আনার অনুরোধ জানান তিনি। সম্প্রতি এক মেয়েকে ছিনতাইকারীরা গুরুতর নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের তুলনায় বেশি তৎপর। এ উদ্যোগের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা গেলে ধীরে ধীরে অপরাধের মাত্রা কমে আসবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করলে একটি নিরাপদ কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। সমাজে বর্তমানে যে অপরাধপ্রবণতা দেখা যাচ্ছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়া হতো এবং জনপ্রতিনিধিদের একাংশের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পর্যায়ক্রমে শহরের সব সড়ক ও বাসাবাড়ি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ নিয়ন্ত্রণে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এমন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন