কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইটনা উপজেলা সদরের ঐতিহাসিক পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস শরিফ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মাজারের খাদেম, ভক্তবৃন্দ ও পাঁচ পীর মাজার কমিটির লোকজন।
প্রতিবছরের ন্যায় এ বছরও পহেলা অগ্রহায়ণ থেকে তিন দিনব্যাপী ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা করাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মাজারের খাদেম কামাল ভান্ডারী বলেন, প্রতিবছর এক, দুই ও তিন অগ্রহায়ণ পাঁচ পীর মাজারের ওরস শরিফ পালন করা হয়। এ বছর আশা করা যাচ্ছে, ওরস উপলক্ষে ৫০ হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হবে।
মাজারের ভক্ত নুর উদ্দিন ফকির বলেন, এ বছর আরও সুন্দর পরিবেশে ওরস শরিফ অনুষ্ঠিত হবে। তিনি সকলকে ওরসে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান।
মাজার কমিটির সদস্য আলী রহমান বলেন, মাজার রক্ষণাবেক্ষণ ও কিছু উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন, যা সকলের মিলেমিশে করার জন্য অনুরোধ জানানো হয়।
মন্তব্য করুন