স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি
×
| প্রিন্ট সংস্করণ
বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। নেত্রকোনার আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সেই সঙ্গে অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
ভুক্তভোগী নিবেদিতা দেব তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযুক্ত আনোয়ার হোসেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি। অভিযোগ রয়েছে, কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবের বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার আনোয়ার হোসেনের নেতৃত্বে নূরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে গালাগাল ও মারধর করেন। এক পর্যায়ে তাঁর পেটে লাথি মারা হয়। এ সময় ওই বিএনপি নেতার সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। এ ঘটনায় ওই দিন বিকেলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিবেদিতা দেব।
শিক্ষক নিবেদিতা দেব জানান, তাঁকে বিদ্যালয়ের বাইরে একটি বৈঠকে যাওয়ার জন্য ডাকা হয়। তবে তিনি বৈঠকে না গিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ে এসে তার ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন এবং নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন মারধর করেন। নিবেদিতা দেব বলেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অনাগত সন্তানের ক্ষতি হলে এর দায় তাদের নিতে হবে। এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সন্তানসহ পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। তাঁর ভাষ্য, বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে তারা বৈঠক করছিলেন। সেখান থেকে প্রধান শিক্ষককে বৈঠকে যাওয়ার জন্য খবর পাঠানো হয়। তিনি না যাওয়ায় নেতাকর্মীদের নিয়ে তাঁর বিদ্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে প্রধান শিক্ষককে আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করতে দেখেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাদের শান্ত করে চলে যান তিনি। তবে তাঁর ওপর হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। দল থেকে শোকজের বিষয়টি স্বীকার করেন তিনি। আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে অভিযুক্তদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, শিক্ষকের ওপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন